দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

স্ত্রীর অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

মানিকগঞ্জের শিবালয়ে স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর মামলা রুজু ও গ্রেপ্তার করা হয়। গত ১৫ এপ্রিল দেশ রূপান্তরের অনলাইন সংস্করণে ‘স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নতুন করে গুরুত্ব পায় এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শিবালয় থানায় ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে ১৬এপ্রিল সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী নাহিদ মিয়া (২৩) ও তার মা রেনু বেগমকে ঘিওরের ভালকুটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, পারিবারিকভাবে বিয়ের পর থেকেই ভুক্তভোগীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। একপর্যায়ে তাকে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করা হয়। এতে রাজি না হওয়ায় স্বামী কৌশলে ধারণ করা ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

অভিযোগে আরও বলা হয়, চলতি বছরের ৩ এপ্রিল গভীর রাতে একটি ফেসবুক গ্রুপে ভুক্তভোগীর স্পর্শকাতর ছবি, মোবাইল নম্বর এবং সম্মানহানিকর ক্যাপশনসহ পোস্ট করা হয়। এরপর থেকেই বিভিন্ন অচেনা নম্বর থেকে ফোন করে তাকে অশালীন প্রস্তাব দেওয়া হচ্ছিল। এ ঘটনায় ভুক্তভোগী নারী মানসিকভাবে ভেঙে পড়েন। আগে লিখিত অভিযোগ দেওয়া হলেও তাৎক্ষণিক মামলা না হওয়ায় তিনি চরম ভোগান্তির শিকার হন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।