ইউরোপা লিগের সেমিফাইনালে এক রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব। বৃহস্পতিবার রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের লড়াই শেষে সেমিফাইনাল নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা এবং নটিংহাম ফরেস্ট। দুই ইংলিশ ক্লাবের এই জয়ে ইউরোপা লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে এখন মুখোমুখি হবে তারা।
প্রথম লেগে ইতালির মাটিতে ৩-১ ব্যবধানে জিতেই সুবিধাজনক অবস্থানে ছিল উনাই এমেরির দল। ঘরের মাঠ ভিলা পার্কে দ্বিতীয় লেগে বোলনিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানে সেমিফাইনালে পা রাখল অ্যাস্টন ভিলা।
বোলনিয়া ও ফিওরেন্তিনা বিদায় নেওয়ায় গত ৭ বছরের মধ্যে এবারই প্রথম ইউরোপীয় প্রতিযোগিতার সেমিফাইনালে ইতালির কোনো ক্লাব নেই। কনফারেন্স লিগের সেমিতে ইতালির ক্লাব ফিওরেন্তিনা হেরে গেছে আরেক ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেস।
ম্যাচের ১৬ মিনিটে মরগান রজার্সের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ওলি ওয়াটকিন্স। এটি ছিল ভিলার জার্সিতে ওয়াটকিন্সের ১০০তম গোল। এই গোলের মাধ্যমে তিনি জন ম্যাকগিন ও পিটার উইদকে ছাড়িয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় ক্লাবের সর্বোচ্চ গোলদাতার (১০টি গোল) রেকর্ড নিজের করে নেন। ২৫ মিনিটে রজার্স পেনাল্টি মিস করলেও এক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন এমিলিয়ানো বুয়েন্দিয়া। ৩৯ মিনিটে রজার্স নিজের পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করেন দারুণ এক গোলে। আর ম্যাচের অন্তিম মুহূর্তে এজরি কনসা গোল করলে বড় জয় নিশ্চিত হয় ভিলার। ইউরোপা লিগ বিশেষজ্ঞ উনাই এমেরি এর আগে চারবার এই শিরোপা জিতেছেন, এবার ভিলার হয়ে সেই মিশন পূর্ণ করার পথে তিনি আরও এক ধাপ এগিয়ে গেলেন।
৩০ বছর পর ফরেস্টের রূপকথা : দীর্ঘ ৩০ বছর পর ইউরোপীয় প্রতিযোগিতায় ফিরেই বাজিমাত করেছে নটিংহাম ফরেস্ট। ১০ জনের পোর্তোকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জিতে ১৯৮৪ সালের পর প্রথম কোনো মহাদেশীয় সেমিফাইনালে উঠল দুইবারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা।
ম্যাচের ৮ মিনিটেই ফরেস্ট স্ট্রাইকার ক্রিস উডকে ফাউল করে লাল কার্ড দেখেন পোর্তোর ইয়ান বেদনারেক। সেই সুযোগ কাজে লাগিয়ে ১২ মিনিটেই মরগান গিবস-হোয়াইটের শট প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ালে এগিয়ে যায় ফরেস্ট। গোলটি করে গিবস-হোয়াইট তার সতীর্থ এলিয়ট অ্যান্ডারসনকে উৎসর্গ করেন, যিনি শোকাতুর পারিবারিক কারণে এই ম্যাচে ছিলেন না। পোর্তো শেষ দিকে কয়েকবার গোল করার সুযোগ পেলেও ফরেস্টের রক্ষণভাগ ছিল অটুট।
অন্য সেমিফাইনাল ফ্রেইবার্গ বনাম ব্রাগা : জার্মান ক্লাব ফ্রেইবার্গও ইতিহাস গড়েছে। সেল্টা ভিগোকে দ্বিতীয় লেগে ৩-১ (অ্যাগ্রিগেট ৬-১) গোলে হারিয়ে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে তারা। ফ্রেইবার্গের হয়ে ইগর মাতানোভিচ ও ইউইতো সুজুকি গোল করেন। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব ব্রাগা। ব্রাগা দ্বিতীয় লেগে রিয়াল বেতিসকে ৪-২ গোলে হারিয়ে ৫-৩ অ্যাগ্রিগেটে শেষ চারে জায়গা করে নিয়েছে।