১১ ম্যাচের ঢাকা প্রিমিয়ার লিগে সাড়ে ৬ কোটি টাকারও বেশি খরচ করে এবারের মৌসুমের জন্য দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১৮ ও ১৯ এপ্রিল হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২৫-২৬ মৌসুমের দলবদল। নানান জটিলতায় লিগ দেরিতে শুরু হওয়ার কারণে এবারের মৌসুমে থাকছে না সুপার লিগ, মে মাসের শুরুতেই মাঠে গড়ানো এই আসরের নিষ্পত্তি হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। ১২ দলের অংশগ্রহণের এই লিগ জিততে সাড়ে ৬ কোটি টাকার বেশি খরচ করেই দল গড়েছে ২০০৮-০৯ মৌসুমের পর কখনো লিগ জিততে না পারা সাদা-কালোরা।
গত মৌসুমের শীর্ষ তিন রান সংগ্রাহক এনামুল হক বিজয়, নাঈম শেখ ও পারভেজ হোসেন ইমনÑ তিনজনকেই দলে নিয়েছে মোহামেডান। বিজয় এবং নাঈম অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে, তারা খেলবেন গোটা মৌসুম। পারভেজ হোসেন ইমন চুক্তিবদ্ধ আছেন পিএসএলের দল লাহোর কালান্দার্সে, সেখান থেকে এসে হয়তো লিগের শুরুর দুই একটা ম্যাচ না খেললেও ৯ থেকে ১০টা ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই বামহাতি ব্যাটসম্যান। তাওহীদ হৃদয়, ইয়াসির আলি রাব্বি, রিশাদ হোসেন, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, এবাদত হোসেনদের নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য শক্তিশালী দল গড়েছে মোহামেডান। মুশফিক খেলবেন ৪ ম্যাচে, এবাদতও তাই। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য টেস্ট দলের ক্রিকেটারদের বেশি পাওয়া যাবে না, সেই ভাবনা থেকেই বিকল্প প্রস্তুত রেখেছে মোহামেডান, দলটার কোচের দায়িত্বে আছেন মিজানুর রহমান বাবুল। জানা গেছে, মোহামেডান সবচেয়ে বেশি অর্থ দিচ্ছে তাওহীদ হৃদয়কে, ৫৫ লাখ। এনামুল হক বিজয় ৪০ লাখ ও নাঈম শেখ ৪৫ লাখ টাকা করে পাবেন।
কম যাচ্ছে না মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীও। গত আসরের শিরোপাজয়ী দলের ৮ ক্রিকেটারকে এবারও ধরে রাখছে তারা। নতুন যোগ দিচ্ছেন আরও ১০ ক্রিকেটার। নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, জিসান আলম, রকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বিদের এবারও দলে পাচ্ছে আবাহনী। এছাড়া নতুন করে দলে নিচ্ছে সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, সাব্বির রহমান, জাকের আলি অনিকদের।
খেলব না খেলব না করেও শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে খেলতে রাজি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে তারা শক্তিমত্তায় আবাহনী-মোহামেডানের চেয়ে খানিকটা পিছিয়ে। লুৎফর রহমান বাদলের দলে দেখা যেতে পারে হাবিবুর রহমান সোহান, সাইফ হাসান, ইরফান শুক্কুর, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সামিউন বশির রাতুলদের। রাজিন সালেহকে কোচ করে দল গড়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। এই দলে খেলবেন ইমরুল কায়েস, নাসির হোসেন, সাদমান ইসলামসহ বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার।
প্রিমিয়ারের নতুন দল ঢাকা লেপার্ড একঝাঁক তরুণ মেধাবী ক্রিকেটারের নতুন ঠিকানা। আগেরবার প্রিমিয়ার লিগে নজরকাড়া বেশ কয়েকজন মেধাবী তরুণ নাম লিখাতে যাচ্ছেন ঢাকা লেপার্ডে। সেই তালিকায় জাওয়াদ আবরার, জাকির হাসান, ইফতিখার ইফতি, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মঈন খান, আলাউদ্দীন বাবু, পারভেজ জীবন, ফাহাদ, হাসান মুরাদ, আরাফাত সানি, মেহেদী হাসান রানা, সৈকত আলী, দেবাশীষ সরকার (অনূর্ধ্ব-১৯ দলের ডানহাতি মিডল অর্ডার ও লেগস্পিনার) আছেন।
অন্যদিকে একসময়ের শেখ জামাল ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে নাম বদলে হয়ে যাওয়া বসুন্ধরা স্ট্রাইকার্সে এবারও আছেন নুরুল হাসান সোহান। সঙ্গে তিন পরিণত ও প্রতিষ্ঠিত পারফরমার ফজলে রাব্বি, জিয়াউর রহমান ও নাহিদ ইসলাম থেকে গেছেন পুরনো দলে।