শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষক নিয়োগে যদি কোনো দুর্বলতা থেকে থাকে, আমি প্রত্যেকটি বিষয় অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখব, মাইক্রো লেভেলে দেখব এবং কোনো শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না। যদি বিগত দিনে এমনটি হয়ে থাকে, সেটারও ব্যবস্থা নিতে হবে। শিক্ষকরা মেধাবী হতেই হবে। এর কোনো বিকল্প নেই।

গতকাল শুক্রবার দুপুর ১টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ওরিয়েন্টেশন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কথা দিলাম, আমরা তোমাদের সঙ্গে থাকব, তোমাদের উন্নয়ন করব। তবে রেজাল্ট বেস্ট। ডেভেলপমেন্ট হবে, রেজাল্ট বেস্ট। রেজাল্ট বাড়তে থাকবে, ডেভেলপমেন্ট বাড়তে থাকবে।’

তিনি বলেন, ‘এই প্রজন্মের ছাত্রছাত্রীদের বলতে চাই তোমাদের দিকে তাকিয়ে আছেন অভিভাবকরা। তাই আজ থেকে, যতদিন এই বিশ্ববিদ্যালয়ে থাকবে, প্রতিটি মুহূর্ত লেখাপড়ার কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে, আজকের এই সময়ই আগামী দিনের ভবিষ্যৎ গড়ে দেবে। আজকের এই প্রস্তুতিই আগামীর বাংলাদেশকে গঠন করবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এনামুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের এমপি মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের এমপি সাদিক রিয়াদ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির।