সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করেছে বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ থেকে যারা মনোনয়নপ্রত্যাশী, তাদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। প্রথমে পঞ্চগড় জেলার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
এদিকে দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে যাদের ভূমিকা ছিল, তাদের মনোনয়ন দেবে দল। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে রাজপথে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন এমন নেত্রীরা যেমন থাকবেন, ঠিক তেমনি থাকবেন সংস্কৃতিকর্মী, পেশাজীবী নেত্রীরা।
মনোনয়ন বোর্ডে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ^র চন্দ্র রায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। এ ছাড়া বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত ছিলেন।
গতকাল দুপুর থেকেই বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও তাদের সমর্থকরা গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। নিরাপত্তাকর্মীরা কেবল প্রার্থীদের কার্যালয়ের ভেতরে
প্রবেশের অনুমতি দেন। কার্যালয়ের ভেতরে প্রার্থীদের বসার জন্য একটি স্থান নির্ধারণ করা হয়। সেখানে তাদের বসানো হয়। এরপর জেলাওয়ারী মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
এদিকে সাক্ষাৎকার শুরু হওয়ার পর রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, যারা সংরক্ষিত আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছিলেন, আজ বিকেলে তাদের সাক্ষাৎকার শুরু হয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন।
তিনি বলেন, ‘প্রথম দিনে রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর এবং ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। চারশরও বেশি প্রার্থী এ সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন।’
মনোনয়নের মানদ- সম্পর্কে আলোকপাত করে রিজভী বলেন, ‘আমি আগেও বলেছি আমাদের এক ভয়াবহ দুঃসময় পার করে আমরা আজকের গণতন্ত্র উত্তরণের এ পর্যায়ে পৌঁছেছি এবং গণতন্ত্র সচল ও শক্তিশালী করতে এটাকে এগিয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে মহিলারা যে অবদান রেখেছেন বিগত ১৫-১৬ বছরের আন্দোলনে, নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে।’
বিএনপি নেতা আরও জানান, সে ক্ষেত্রে আপনারা জানেন, অনেক মহিলা নেত্রী আমাদের, তাদের নামে মিথ্যা মামলা হয়েছে, তারা শটগানের গুলি খেয়েছেন, তাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে, তাদের সন্তানদের ধরে নিয়ে যাওয়া হয়েছে শুধু রাজনীতি করার কারণে এবং রাজনৈতিক আদর্শের কারণে। এই পৈশাচিক বিভীষিকা তো ১৬-১৭ বছর ধরেই চলেছে। দল এসব বিষয় বিবেচনা করবে।
তিনি বলেন, এর বাইরে পাশাপাশি সংসদে কথা বলা এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই বিষয়গুলো এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। সব কিছু বিবেচনা করেই আমাদের যে মনোনয়ন বোর্ড, তারা চূড়ান্ত করবেন, কারা মহিলা সংসদ সদস্য হবেন।
এর আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগেই জানানো হয়েছিল শুক্রবার রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ থেকে যারা মনোনয়নপ্রত্যাশী, তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আজ শনিবার একই সময়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
গত ১০, ১১ ও ১২ এপ্রিল মোট তিন দিন বিএনপিদলীয় মনোনয়ন ফরম বিক্রি করে। ফরমের মূল্য ধরা হয় দুই হাজার টাকা। প্রত্যেক প্রার্থী ফরম জমার সময় আরও ৫০ হাজার টাকা জামানত হিসেবে জমা দেন। তিন দিনে প্রায় এক হাজার ৩০০ ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে প্রায় ৯০০ মনোনয়নপত্র জমা পড়ে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ হবে আগামী ১২ মে। এবার ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপির জন্য ৩৬টি নির্ধারণ করা হয়েছে।