চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ডক্টর জালাল উদ্দিন বলেছেন, মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদক একটি সামাজিক সমস্যা তাই সকলকে একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শনিবার (১৮ এপ্রিল) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা মাদক সেবন করে তাদের বুঝাতে হবে, সে মাদক সেবন করে ধ্বংস হয়ে যাচ্ছে। এর কারণে তার সমাজ, দেশ, অর্থনীতি সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে প্রত্যেকের যার যার জায়গা হতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তবেই আমরা একটি মাদকমুক্ত সমাজ ও দেশ গড়তে পারব। আসুন আমরা সবাই মিলে একটি মাদক মুক্ত সমাজ গড়ে তুলি।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রহমত উল্লাহসহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আলমগীর সরকার, ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা আজারুল হক মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুজ্জামান টিপু, জেলা যুবদলের সদস্য খায়রুল হাসান বেনু প্রমুখ।