জাতীয় দলের অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ ব্যবস্থা চালু করেছেন বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল। এই কার্ডের মাধ্যমে অধিনায়কেরা বিশেষ কিছু সুবিধা পাবেন। তবে এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন জাতীয় দলের সাবেক পেসার তাপস বৈশ্য। শুধু অধিনায়কদের এই সুবিধা দেওয়াটা তিনি ‘বৈষম্য’ হিসেবে অভিহিত করেছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তাপস বৈশ্য লিখেছেন, ‘এই যুগের বৈষম্য! আগে থেকেই খেলা দেখার জন্য অধিনায়কদের জন্য এসি বক্স আর অন্য জাতীয় দলের সতীর্থদের জন্য সাধারণ গ্যালারি! আর এখন তো কার্ড! একদিন ভিডিও করে সকলকে বলবো এই যুগেও কেমন বৈষম্য হয়! অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা! অধিনায়ক হলেই তুমি চৌধুরি আর অন্য সতীর্থরা? খেলে তো সকলেই মিলে ১১জন বা ১৪ জন, খেলা ছেড়ে দেওয়ার পর সকলেই জাতীয় খেলোয়ার!’
তাপস আরও লিখেন, ‘রফিক ভাইয়ের মতো জনপ্রিয় খেলোয়াড় কয়জন অধিনায়ক আছেন? রফিক ভাই বসবে সাধারণ গ্যালারিতে আর আনকোরা অধিনায়ক এসি বক্সে। কারো যদি আত্মসম্মান তাকে, তাহলে এই বৈষম্যের প্রতিবাদ করবে। যারা কার্ড পাইছে তারা করবে না কারণ তারা এখন বাংলা সিনেমার চৌধুরি হইছে। অধিনায়কদের হেলথ ইনসুরেন্স দরকার আর অন্য সতীর্থদের! এই বৈষম্যের কারণে আমি আমার নিজেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হিসেবে পরিচয় দিতেই লজ্জা বোধ করছি। এই যুগে এটা চরম বৈষম্য। আমি চাই আর যেনো কখনোই কোনো সাবেক খেলোয়াড় বোর্ড সভাপতি না হয়। সব দেখা হয়ে গেছে।’