ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি—কে সেরা? এই চিরন্তন বিতর্কে নিজের মতামত জানিয়ে পর্তুগিজ মহাতারকা রোনালদোর বিরাগভাজন হয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তার দাবি, মেসিকে রোনালদোর চেয়ে এগিয়ে রাখায় রিয়াদ আল-নাসর তারকা তাঁকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করে দিয়েছেন।
‘দ্য রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টে কথা বলার সময় লিনেকার জানান, রোনালদো তাকে খুব একটা পছন্দ করেন না। মজার ছলে লিনেকার বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো আমাকে খুব একটা পছন্দ করে না। আমি তাকে নিয়ে খারাপ কিছু বলিনি, শুধু সততার সঙ্গে বলেছি যে সামগ্রিকভাবে মেসিই সেরা ফুটবলার। আর এ কারণেই সে আমাকে ইনস্টাগ্রামে আনফলো করেছে। তবে আমি এটা সামলে নিতে পারব।’
লিনেকারের এই মন্তব্যে পডকাস্টের সহ-সঞ্চালক অ্যালান শিয়ারার এবং মিকাহ রিচার্ডস হাসিতে ফেটে পড়েন। এরপর রসিকতা করে রোনালদোর কাছে ক্ষমা চেয়ে লিনেকার বলেন, ‘আমি সবসময়ই তাকে পছন্দ করব। তার সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে। আমি জানি সে আমার ওপর বিরক্ত, কিন্তু তাতে সমস্যা নেই। ক্রিশ্চিয়ানো... দয়া করে আমাকে ফোন দাও, চলো আমরা আবার বন্ধু হয়ে যাই।’
ফুটবল ইতিহাসের সেরা চার খেলোয়াড় বা ‘মাউন্ট রাশমোর’ বাছাই করতে গিয়েও গত বছর রোনালদোকে বাদ দিয়েছিলেন লিনেকার। তার তালিকায় ছিলেন পেলে, ম্যারাডোনা, মেসি এবং ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও। সিআর সেভেনকে বাদ দেওয়া প্রসঙ্গে তার যুক্তি ছিল, মেসি সর্বকালের সেরা এবং তার ধারেকাছে কেউ নেই।
পরিসংখ্যানের লড়াইয়ে অবশ্য রোনালদো ও মেসি সমানে সমান। ক্যারিয়ারে রোনালদো ৯৬০টির বেশি গোল করেছেন, যেখানে মেসির গোলসংখ্যা ৯১৪। তবে ব্যক্তিগত অর্জনে মেসি কিছুটা এগিয়ে, তার ঝুলিতে রয়েছে আটটি ব্যালন ডি’অর, আর রোনালদোর পাঁচটি। মাঠের এই লড়াই এখন ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে রূপ নিল কি না, তা নিয়ে ফুটবল বিশ্বে বেশ চর্চা হচ্ছে।
বাংলাদেশে সফরের জন্য পাকিস্তান দল ঘোষণা, নতুন কোচ সরফরাজ