পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক ও সাধারণ সম্পাদকসহ সাত পদে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সমর্থকরা জয়ী হয়েছেন। ১৬ মার্চ গভীর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১৩টি পদের মধ্যে বিএনপি সমর্থিত জাতায়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলে যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ ছয় পদে জয় লাভ করেন। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এম শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ কে এম আউয়াল নির্বাচিত হন। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করলেও আইনজীবীদের মাঝে দুইজনই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সমর্থক হিসেবে পরিচিত।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিতরা হলেন যুগ্ম সাধারণ পদে সম্পাদক আকরাম আলী মোল্লা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক ওয়াহিদ হাসান বাবু, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান ও সদস্য নাসিমা আক্তার, রিয়াজুল ইসলাম ও আমিনুল ইসলাম।
আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, পরিসম্পদ সম্পাদক জহুরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সুশেন কুমার হালদার, হিসাব নিরীক্ষক রফিকুল ইসলাম শিমুল ও সদস্য সরজীত কুমার অধিকারী।
জেলা আইনজীবী সমিতির ২২৬ ভোটারের মধ্যে ২১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পিরোজপুর জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদার জানান, ফোরামের তিন সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সরদার, অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম হাওলাদার দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলটি সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ দুটি হারিয়েছে।
তিনি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ইতোমধ্যে ওই তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।