আইনজীবী আলিফ হত্যা মামলা

সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রপক্ষের সাক্ষী

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০২:৪৫ পিএম

আলোচিত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী হিসেবে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন অ্যাডভোকেট শহিদুল আলম রাহাত।

সোমবার (২০ জুলাই) ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। এসময় ঘটনার বর্ণনা দিতে গিয়ে সাক্ষী বারবার কান্নায় ভেঙে পড়েন। তার আবেগঘন সাক্ষ্য পুরো এজলাসে এক ভারি পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অনেক আইনজীবীকেও আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন। শুনানিতে চার্জশিটভুক্ত আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। অপর আসামিদের কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী ও আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, নিহত আইনজীবী আলিফের বাবা পূর্বে সাক্ষ্য দিলেও তার জেরা সম্পন্ন করতে আসামিপক্ষ, বিশেষ করে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে, প্রায় ছয়বার সময়ের আবেদন করা হয়েছিল।

তিনি জানান, আজও রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর জেরা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শেষ হওয়ার কথা থাকলেও আসামিপক্ষের আইনজীবী পুনরায় সময়ের আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২০ আগস্ট জেরার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

আজকে আসামি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলায় এ পর্যন্ত ২৭ জন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এবং ১২ জন আসামি এখনও পলাতক। চার্জশিটভুক্ত মোট আসামির সংখ্যা ৩৯ জন, যার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসও অন্তর্ভুক্ত। বর্তমানে মামলাটি রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ ও জেরা পর্যায়ে বিচারাধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত