হবিগঞ্জের মাধবপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে মোটরসাইকেল ও ৮ কেজি গাঁজাসহ খোকন মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ এ প্রিল) তাকে আদালতে সোপর্দ করা হয়। শুক্রবার (১৭ এপ্রিল) কাশিমনগর বাজারের রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খোকন মিয়া ওরফে সাগর (৩০) উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গোপন খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানের সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ওসি জানান, খোকন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এক সঙ্গে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।