ফরিদপুরে সংঘর্ষে আহত ২০, বাড়িঘরে অগ্নিসংযোগ

ফরিদপুরের সালথা উপজেলায় জমিজমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় জানা যায়নি। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যার থেকে গভীর রাত পর্যন্ত চলা এ সংঘর্ষে বেশ কিছুই বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে উপজেলার গট্টি এলাকায় তুচ্ছ একটি বিষয় নিয়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে সন্ধ্যার পর পার্শ্ববর্তী ছোট বালিয়া গ্রামে এনিয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ছোট বালিয়া গ্রামের জাহিদ মাতুব্বরের সমর্থকরা প্রতিপক্ষ নুরু মাতুব্বরের লোকজনের আলেম মাতুব্বর, লুৎফর মাতুব্বর, ইছাহাক মাতুব্বর ও সাজাহান মাতুব্বরসহ অন্তত ১০ বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় মিরান মুন্সি ও দেলোয়ার মাতুব্বরের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে নুরু মাতুব্বরের পক্ষের লোকজনও পাল্টা হামলা চালিয়ে জাহিদ মাতুব্বরের পক্ষের শফি শেখসহ কয়েকজনের বাড়িতেও ভাঙচুর করে। সংঘর্ষের তীব্রতা বাড়তে থাকলে তা আশপাশের গোয়ালপাড়া, খোয়াড় ও ভাবুকদিয়া গ্রামেও ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে চলা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

এবিষয়ে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন।

এদিকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।