নেত্রকোনার মদনে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৬:২৬ পিএম

নেত্রকোনার মদনে পূর্ববিরোধের জেরে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। 

রবিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার ত্রিয়শ্রী ইউনিয়নের কাওয়ালীবিন্নী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে প্রায় ১০ জন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এছাড়া পাশের কেন্দুয়া ও আটপাড়া উপজেলাসহ আশপাশের স্বাস্থ্য কমপ্লেক্সে আরও প্রায় ১০ জন চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রমজান মাসে কাওয়ালীবিন্নী গ্রামে কয়েকজন মিলে গরু কিনে জবাই করার পর মাংস ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে গ্রামটি দুই দলে বিভক্ত হয়ে পড়ে। এ বিরোধের জেরে সংঘর্ষের ঘটনাও ঘটে এবং উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে মামলা করে।

এরই ধারাবাহিকতায় রবিবার এসব বিষয়কে কেন্দ্র করে গ্রামের নজরুল গং ও জাহাঙ্গীর গংয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে একপর্যায়ে দুই পক্ষের লোকজন মাছ ধরার সরঞ্জাম ও লাঠিসোঁটা নিয়ে মাঠে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত