ল্যাম্পার্ডের হাত ধরে প্রিমিয়ারে ফিরল কভেন্ট্রি, হামজারা রেলিগেশনের শঙ্কায়

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর ‘চ্যাম্পিয়নশিপ’-এ গতকাল নির্ধারিত হয়ে গেল এক নাটকীয় সমীকরণ। একদিকে সাবেক চেলসি কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের জাদুকরী কোচিংয়ে দীর্ঘ ২৫ বছরের নির্বাসন কাটিয়ে প্রিমিয়ার লিগে ফেরার আনন্দ উদযাপন করছে কভেন্ট্রি সিটি। ঠিক তার উল্টো চিত্র লেস্টার সিটিতে; সাবেক প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এখন তৃতীয় স্তরে (লিগ ওয়ান) নেমে যাওয়ার ঘোর শঙ্কায়।

কভেন্ট্রির ২৫ বছরের প্রতীক্ষার অবসান

শুক্রবার রাতে ইউড পার্কে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করে প্রিমিয়ার লিগ নিশ্চিত করেছে টেবিল টপার কভেন্ট্রি সিটি। ম্যাচের ৫৪ মিনিটে মরিশিতার গোলে পিছিয়ে পড়ে ল্যাম্পার্ডের শিষ্যরা স্তব্ধ হয়ে গিয়েছিল। তবে ৮৪ মিনিটে ববি টমাসের দুর্দান্ত হেডার সমতা ফিরিয়ে আনে, যা ক্লাবটির জন্য প্রিমিয়ার লিগের টিকিট নিশ্চিত করে।

২০০১ সালে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হওয়ার পর কভেন্ট্রিকে দেখতে হয়েছে অনেক চড়াই-উতরাই। এমনকি মাঠ নিয়ে আইনি জটিলতায় নিজেদের শহর ছেড়ে অন্য শহরেও খেলতে হয়েছে তাদের। তবে ২০২৪ সালে মার্ক রবিনসের বিদায়ের পর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড দায়িত্ব নিয়ে দলটির ভাগ্য বদলে দেন। ৩ ম্যাচ হাতে রেখেই কভেন্ট্রি এখন শীর্ষ স্তরে। ল্যাম্পার্ডের অধীনে হাজি রাইট ও এলিস সিমসদের ধারাবাহিক পারফরম্যান্স ক্লাবটিকে পুনরায় আভিজাত্যের লড়াইয়ে ফিরিয়ে এনেছে।

খাদের কিনারায় হামজা চৌধুরীর লেস্টার সিটি

কভেন্ট্রি যখন উৎসবে মাতোয়ারা, বাংলাদেশ বংশোদ্ভূত হামজা চৌধুরীর দল লেস্টার সিটি তখন ফুটবল ইতিহাসের অন্যতম বড় বিপর্যয়ের মুখে। মাত্র ১০ বছর আগে যারা রূপকথার মতো প্রিমিয়ার লিগ জিতেছিল, তারা এখন চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে পড়ার পথে।

বর্তমানে ৪২ ম্যাচে মাত্র ৪১ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনে অবস্থান করছে লেস্টার। নিরাপদ স্থানে থাকা ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের চেয়ে তারা ৫ পয়েন্ট পিছিয়ে। আজ পোর্টসমাউথের মুখোমুখি হবে ফক্সরা। এই ম্যাচে জয় না পেলে তাদের তৃতীয় স্তরে (লিগ ওয়ান) নেমে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে পড়বে।

লেস্টারের এই পতনের পেছনে পয়েন্ট কর্তনের শাস্তি বড় ভূমিকা রেখেছে। পয়েন্ট কাটা না গেলে হয়তো তারা রেলিগেশন জোনের বাইরে থাকত। ক্লাবটি যদি লিগ ওয়ানে নেমে যায়, তবে ব্ল্যাকবার্ন রোভার্সের পর দ্বিতীয় দল হিসেবে প্রিমিয়ার লিগ জেতার পর তৃতীয় স্তরে খেলার লজ্জাজনক রেকর্ডে নাম লেখাবে তারা।