আসছে গ্রীষ্মকালীন দলবদলে রবার্ট লেভানডফস্কির বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা প্রবল। আগামী আগস্টে ৩৮ বছরে পা দিতে যাওয়া এই পোলিশ স্ট্রাইকার মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন। তবে বার্সেলোনা তার সঙ্গে চুক্তি নবায়ন করার কোনো ইঙ্গিত এখনো দেয়নি। তবে ইতোমধ্যেই লেভানডফস্কির বিকল্প খুঁজতে শুরু করেছে স্প্যানিশ ক্লাবটি।
ট্রান্সফার বিশেষজ্ঞ সাংবাদিক মাত্তেও মোরেত্তোর বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, লেভানডফস্কির বিকল্প হিসেবে আতলেতিকো মাদ্রিদের আলেকজান্ডার সরলথকে পাখির চোখ করেছে কাতালানরা। নরওয়েজীয় এই স্ট্রাইকারকে দলে ভেজানোর ব্যাপারে বার্সেলোনা ইতিমধ্যেই প্রাথমিক খোঁজখবর নিয়েছে। আতলেতিকোর হয়ে এই মৌসুমে ৪৭ ম্যাচে ১৭টি গোল করেছেন ৩০ বছর বয়সী সরলথ। যদিও ডিয়েগো সিমিওনের দলে তিনি নিয়মিত শুরুর একাদশে সুযোগ পান না, তবুও তার গোল করার দক্ষতা বার্সার নজর কেড়েছে। বর্তমানে তার বাজারমূল্য ২ কোটি ইউরো।
আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ দাবি করেছে, রিয়াল মায়োর্কার স্ট্রাইকার ভেদাত মুরিচিকেও তালিকায় রেখেছে বার্সেলোনা। ৩১ বছর বয়সী এই কসোভান স্ট্রাইকার চলতি লা লিগায় দুর্দান্ত ফর্মে আছেন। ৩০ ম্যাচে ২১ গোল করে তিনি বর্তমানে লিগের গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন, যার ওপরে আছেন কেবল রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। মুরিচির বাই-আউট ক্লজ ৪ কোটি ইউরো হলেও বার্সা তাকে আরও কম দামে পাওয়ার আশা করছে।
লেভানডফস্কি আসার আগেও বার্সেলোনা মাঝেসাঝে লম্বা গড়নের দক্ষ হেডার সমৃদ্ধ স্ট্রাইকার খেলিয়েছে। ২০২১-২২ মৌসুমে সেভিয়া থেকে ধারে লুক ডি ইয়ংকে এনেছিল তারা, যিনি সংকটের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বর্তমানে হান্সি ফ্লিকের অধীনে লা লিগার শিরোপা ধরে রাখার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে আছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থাকা কাতালানরা এখন থেকেই ভবিষ্যতের আক্রমণভাগ গুছিয়ে নিতে চাইছে।
সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জুড বেলিংহ্যাম