মাদারীপুর সদর, রাজৈর ও শিবচর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮এপ্রিল) জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য জানায়। জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদারীপুর সদর মডেল, রাজৈর ও শিবচর থানা এলাকায় পৃথকভাবে বিশেষ অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আসামিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর মডেল থানায় ৩টি জিআর পরোয়ানা, ৩ জন মাদক মামলার আসামি, নিয়মিত মামলায় ৪ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজৈর থানায় নিয়মিত মামলায় ২ জন, সিআর সাজাপ্রাপ্ত একজন, জিআর পরোয়ানাভুক্ত ৩ জন, সিআর পরোয়ানাভুক্ত একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২ জনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, শিবচর থানায় ২টি সিআর ও ৪টি জিআর পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার ১ জনসহ মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এ ধরনের বিশেষ অভিযান চলমান রয়েছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরও জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।