গ্রুপ পর্বেই খরচা ১৫ হাজার ইউরো! ৪৮ দলের বিশ্বকাপ কি শুধুই ধনীদের জন্য?

যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো—এই তিন দেশের যৌথ আয়োজনে বসতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ফুটবল বিশ্বের এই মহোৎসব ঘিরে সমর্থকদের উন্মাদনার শেষ নেই। তবে যারা গ্যালারিতে বসে খেলা দেখার স্বপ্ন দেখছেন, তাদের জন্য দুঃসংবাদ হলো, এবারের বিশ্বকাপ দেখাটা হবে বেশ ব্যয়বহুল। 'ফ্ল্যাশস্কোর' -এর এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ৪ জনের একটি পরিবারের জন্য কেবল গ্রুপ পর্বের ম্যাচগুলো দেখতেই গুণতে হতে পারে প্রায় ১৫ হাজার ইউরোর বেশি!

এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে। ভেন্যুগুলো তিনটি ভিন্ন দেশে ছড়িয়ে থাকায় যাতায়াত এবং আবাসন খরচ বহুগুণ বেড়ে গেছে। জ্বালানি তেল থেকে শুরু করে হোটেল ও খাবারের দামের ঊর্ধ্বগতি সমর্থকদের পকেটে বড় টান ফেলছে।

৪ জনের পরিবারের ১০ দিনের আনুমানিক খরচ (গ্রুপ পর্ব)

ফ্ল্যাশস্কোর একটি গড়পড়তা পরিবারের জন্য ইংল্যান্ড দলের উদাহরণ ধরে ১০ দিনের (প্রথম ৩টি ম্যাচ) সফরের একটি সম্ভাব্য হিসাব দিয়েছে: 

  • বিমান ভাড়া: আন্তর্জাতিক এবং আন্তঃশহর যাতায়াতসহ প্রায় ৫,৯৬০ ইউরো
  • আবাসন (হোটেল): ১০ দিনের জন্য ৩-তারকা মানের হোটেলে খরচ প্রায় ৩,৬৭০ ইউরো
  • ম্যাচ টিকিট: ৩টি ম্যাচের জন্য (ক্যাটাগরি-৩ টিকিট) খরচ প্রায় ২,৪০০ ইউরো
  • স্থানীয় যাতায়াত: হোটেল থেকে স্টেডিয়াম আসা-যাওয়ায় প্রায় ১,১০০ ইউরো
  • খাবার ও পানীয়: ১০ দিনের খাবারের পেছনে ব্যয় প্রায় ২,৬৭৬ ইউরো
  • সর্বমোট খরচ: প্রায় ১৫,৮০৬ ইউরো (বাংলাদেশি টাকায় যা প্রায় ২২ লক্ষ টাকারও বেশি)।

টিকিটের দামে বৈষম্য: বিশ্বকাপ বনাম ইউরো

প্রতিবেদনে আরও একটি বিস্ময়কর তথ্য উঠে এসেছে। ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোতে একটি গাড়ির পার্কিং স্পেস ভাড়া নিতে যা খরচ হবে, সেই একই টাকায় ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের অন্তত ৫টি টিকিট কেনা সম্ভব হবে! উয়েফা সিদ্ধান্ত নিয়েছে তারা ২০২৮ ইউরোতে টিকিটের দাম ৬৮ ইউরোর নিচেই রাখবে, যেখানে বিশ্বকাপে যাতায়াত আর জীবনযাত্রার খরচ আকাশছোঁয়া।