হাইড্রেশন বিরতিতেই আমরা বিশ্বকাপটা হারিয়েছি: আনচেলত্তি

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম

নব্বই মিনিটের ঘাম ঝরানো লড়াই, ঠাসা উত্তেজনা আর মাঠের এক ইঞ্চি জায়গাও ছাড় না দেওয়ার মানসিকতা; সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল। কিন্তু ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চে হঠাৎ এক ছোট্ট বিরতিই কি না সব ওলটপালট করে দিল! ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের সেই বিদায়ের পর এবার মুখ খুললেন কোচ কার্লো আনচেলত্তি।

সম্প্রতি ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নরওয়ের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের ইড্রেশন বিরতিতে নেওয়া একটি ভুল সিদ্ধান্তেই থেমেছে ব্রাজিলের বিশ্বজয়ের স্বপ্ন। প্রচণ্ড গরমের কারণে ফিফার বাধ্যতামূলক করা এই তিন মিনিটের কুলিং ব্রেক যে খেলার গতিপথ বদলে দেবে, তা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি অভিজ্ঞ এই কোচ।

ম্যাচের ঘটনার স্মৃতিচারণ করে আনচেলত্তি বলেন, ‘আমার মনে হয়, নরওয়ের বিপক্ষে ওই হাইড্রেশন বিরতির সময়ই আমরা বিশ্বকাপটা হারিয়ে ফেলেছি। কারণ, ওই সময় পর্যন্ত ম্যাচ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণেই ছিল।’ নিজের ভুল স্বীকার করে তিনি আরও যোগ করেন, ‘আমার ভুল সম্ভবত এটা ভাবা যে দল ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, অথচ বাস্তবে তা মোটেও হয়নি। বিরতির পর আমি কয়েকটি পরিবর্তন আনি, আর ঠিক তখনই আর্লিং হালান্ডের গোল হজম করতে হয়। বিশ্বকাপের মতো আসরে ম্যাচের শেষ দিকে গোল খেয়ে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব।’

অথচ ম্যাচটির চিত্র অন্যরকম হতে পারত। প্রথমার্ধেই ব্রুনো গিমারায়েসের নেওয়া পেনাল্টি দারুণভাবে রুখে দেন নরওয়ের গোলরক্ষক। এরপর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা তরুণ সেনসেশন এনদ্রিকও সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন। ফরোয়ার্ডদের এমন চরম ব্যর্থতার খেসারত শেষ পর্যন্ত দিতে হয়েছে দলটিকে। নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের জোড়া গোলের ধাক্কায় ২-১ ব্যবধানে হেরে ১৯৯০ সালের পর এবারই সবচেয়ে দ্রুত বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে যায় সেলেসাওদের। যোগ করা সময়ে নেইমার পেনাল্টি থেকে ব্যবধান কমালেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

প্রতিপক্ষ নরওয়ের ভূয়সী প্রশংসা করতেও কার্পণ্য করেননি আনচেলত্তি। পুরো টুর্নামেন্টে নিজেদের ফুটবল দর্শনে অবিচল থাকা নরওয়ে সম্পর্কে তিনি বলেন, ‘ওরা নিজেদের অর্ধে দারুণভাবে বলের দখল ধরে রেখেছিল। ইংল্যান্ডের বিপক্ষেও তারা একইভাবে খেলে ম্যাচ নিয়ন্ত্রণ করেছে এবং চাইলে সেই ম্যাচটিও জিততে পারত।’ ইতিহাস গড়ে এই টুর্নামেন্টেই প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছিল নরওয়ে, যদিও শেষ আটে ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময়ে হেরে তাদের রূপকথার দৌড় থেমে যায়।

ব্রাজিলের মতো ফুটবল পরাশক্তির এমন বিদায় বিশ্ব ক্রীড়াঙ্গনকে নাড়া দিয়েছে। তবে হাইপ্রোফাইল কোচের এই আত্মোপলব্ধি প্রমাণ করে, ফুটবলের অতি সূক্ষ্ম কৌশলগত সিদ্ধান্ত বা মাঠের বাইরের ছোট্ট বিরতিও অনেক সময় গড়ে দিতে পারে ট্র্যাজেডি কিংবা ইতিহাসের ব্যবধান।







×
সর্বশেষ সর্বাধিক পঠিত