ফেনীর সোনাগাজীতে সুমন নামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে হারুন নামে প্রতিপক্ষের আরেক কর্মী। উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষিপুর গ্রামে শুক্রবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। মাদক কারাবারি ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ হামলার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত হারুন লক্ষীপুর গ্রামের মৌলভি ফকির আহম্মদের ছেলে। গুলিবিদ্ধ সুমন একই গ্রামের নুরুল হকের ছেলে। তারা দুজনে স্থানীয় যুবদলের রাজনীতিতে জড়িত থাকলেও দলের পদ পদবীতে নেই।
এলাকাবাসী ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে মাটি ব্যবসা,সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় নিয়ন্ত্রণ নিয়ে হারুন ও সুমনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গতকাল বিকালে তাদের মধ্যে মিয়ারবাজার নামক স্থানে তর্কাতর্কি হলে উভয়ের সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে হারুন তার দলবল নিয়ে সুমনের বাড়ির সামনে গিয়ে তাকে প্রথমে গুলি করে ও পরে কুপিয়ে জখম করে। সুমনকে রক্ষা করতে আসলে তার ভাই ফয়সালও হামলার শিকার হয়। ঘটনার খবর পেয়ে সুমনের সমর্থকরা এগিয়ে গেলে হারুন তার দলবল নিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা গুরুতর আহত সুমনকে উদ্ধার করে চিকিৎসার সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় এলাকবাসী জানিয়েছে, মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর সুমনের এক বছরের কারাদণ্ড হয়। পরে সাজাভোগ করে মুক্তি পেয়ে রাজমিস্ত্রির কাজ করে। ৫ আগস্টের সরকার পরিবর্তনের পর সুমন যুবদলরের ব্যানারে এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে নানা অপরাধে জড়িয়ে পড়ে। অপর দিকে হারুন একসময় যুবলীগ রাজনীতিতে জড়িত ছিল। ১৯৯৭ সালে ধর্ষণ ও ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে কারাবরণ করে। দীর্ঘ কারাভোগের পর মুক্তি পেয়ে আওয়ামী লীগ নেতারা তাকে ধরিয়ে দিয়েছে সন্দেহে দল পরিবর্তন করে যুবদল রাজনীতিতে যোগ দেয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে কখনো আত্মগোপনে.কখনো এলাকায় চুপচাপ সময় পর করেছে। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এলাকায় নানা অপরাধে জড়িয়ে পড়ে।
সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, আহত সুমনের পরিবার থানায় মামলা দায়ের করেছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে,অপর আসামীদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।