পাঁচ ব্যাংকে আটকে থাকা টাকা দ্রুত চান রপ্তানিকারকরা

একীভূত শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংকে আটকে থাকা অর্থ দ্রুত ছাড়করণের দাবি জানিয়েছেন রপ্তানিকারকরা। গতকাল শনিবার রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কর্তৃক আয়োজিত ‘অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক সক্ষমতা ও সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা’ শীর্ষক সেমিনারে তারা এ দাবি করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমীর। এ সময় তিনি জ¦ালানি সংকট মোকাবিলায় মজুদ বাড়ানোর পরিকল্পনার কথা জানান।

সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র  সম্মানিত ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ জানান, ব্যাংকিং খাতে সুশাসন না এলে বিনিয়োগ বাড়বে না।

ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।

বিজিএমইএয়ের সভাপতি মাহমুদ হাসান খান জানান, রপ্তানি বাজারে সংকটময় অবস্থাতেই মার্জ করা সম্মিলিত পাঁচ ব্যাংকে টাকা আটকে আছে উদ্যোক্তাদের, যা থমকে দিচ্ছে বিনিয়োগ। ডিজেল ও গ্যাসের বিপরীতে শতভাগ সৌরবিদ্যুৎ দিয়ে শিল্প চালানো সম্ভব নয়; এ নীতির ধারাবাহিকতা বজায় থাকলে বিনিয়োগ বাড়বে না বলেও জানান তিনি।  অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল তিতুমীর জানান, অর্থনীতির গণতন্ত্রায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেই বাংলাদেশকে কাক্সিক্ষত উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে।