২০২৬ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার দিন যতই ঘনিয়ে আসছে, নেইমারকে নিয়ে ব্রাজিলিয়ানদের মধ্যে বিতর্ক ততই তীব্র হচ্ছে। বৃহস্পতিবার প্রকাশিত ‘জেনিয়াল/কুয়েস্ট’-এর নতুন এক জরিপে দেখা গেছে, নেইমারের দলে থাকা নিয়ে ফুটবলপ্রেমীরা প্রায় দুই ভাগে বিভক্ত।
জরিপের তথ্য অনুযায়ী, ৪৭ শতাংশ মানুষ মনে করেন নেইমারকে বিশ্বকাপের দলে রাখা উচিত। আবার ৪৫ শতাংশ মানুষ সরাসরি এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। বাকি ৮ শতাংশ কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগে ‘ডাটাফোলহা’-র জরিপে নেইমারের পক্ষে বড় ব্যবধান দেখা গেলেও (৫৩ শতাংশ মানুষ নেইমারের পক্ষে ছিলেন), এই নতুন জরিপ বলছে ব্রাজিলের ভেতরেই নেইমারকে নিয়ে বিশাল এক বিরোধ তৈরি হয়েছে।
শুধু তা-ই নয়, জরিপে অংশ নেওয়া অর্ধেকের বেশি বা ৫৪ শতাংশ মানুষ জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে তাদের মনে কোনো ‘রোমাঞ্চ নেই’। বিশ্বকাপ নিয়ে ব্রাজিলিয়ানদের এমন অনীহার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নেতিবাচক পূর্বাভাস। ৬৮ শতাংশ ব্রাজিলিয়ানই মনে করেন, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এবারও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নেই।