গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে গণমিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। গতকাল শনিবার রাজধানীর বিজয়নগরে এ কর্মসূচি শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেন, ক্ষমতায় গেলে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে, বিএনপি নির্বাচনের আগে এমন ওয়াদা করেছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর ‘জাতীয়তাবাদী ফ্যাসিস্ট সরকার’ হওয়ার চেষ্টা করছে দলটি।

তিনি বলেন, ‘সংসদে জ্বালানিমন্ত্রী বলেন দেশে জ্বালানির কোনো সংকট নেই। সংকট না থাকলে স্কুল ও সরকারি অফিসে কর্মঘণ্টা কমানো হলো কেন? হাজার হাজার মানুষ তেলের জন্য পাম্পে লম্বা লাইন দিচ্ছে কেন। এই সংকট তারা (মন্ত্রীরা) দেখেন না। তারা তখন দেখতে পারবেন, যখন জনরোষে পড়বেন।’

পরিবর্তনের ভাষা না বুঝলে সামনের আন্দোলনে বিএনপির পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে মন্তব্য করে তিনি আরও বলেন, বিএনপি সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া শুরু করেছে।

ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় এবং আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজী প্রমুখ।