আগামী শিক্ষাবর্ষে দুটি নতুন পাঠ্যবই যুক্ত হচ্ছে

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৭:৫৬ এএম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,  শিক্ষার্থীদের স্কুলমুখী করতে স্কুল ড্রেস, মিড ডে মিল কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। আগামীতে দেশের সব উপজেলা মিডডে মিল কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের

সংস্কৃতি’ নামক দুটি নতুন পাঠ্যবই  যুক্ত করা হচ্ছে।  এছাড়া ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শীর্ষক পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি ২০২৮ সাল থেকে প্রথম শ্রেণির কারিকুলামে খেলাধুলা বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। গতকাল মঙ্গলবার ঢাকার একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি তথ্যপুস্তক পর্যালোচনা’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ‘সদ্য জাতীয়করণকৃত সরকারি কলেজসমূহের শিক্ষকদের ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্স’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, নিজের পেশাকে ভালোবাসতে না পারলে, সেই কাজ উপভোগ করা যায় না। তাই শিক্ষকদের নিজের পেশার প্রতি ভালোবাসা নিয়ে কাজ করতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষকের অভাব রয়েছে। এই সমস্যা নিরসনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ‘রিটায়ার্ড টিচার্স পুল’ গঠন করা যেতে পারে।

নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  নায়েমের পরিচালক প্রফেসর মো. শাহজাহান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। ৪৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে মোট ৯টি ভেন্যুতে ৫২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত