পল্লবীতে নিরাপত্তাকর্মী হত্যায় রিকশাচালক গ্রেপ্তার

রাজধানীর উত্তর পল্লবী এলাকায় নিরাপত্তাকর্মী সালাউদ্দিন (৫৫) হত্যার ঘটনায় অটোরিকশাচালক মো. সাগর শেখকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত শুক্রবার ভোরে রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান বলেন, গত ১৩ আগস্ট বেলা ১টার দিকে উত্তর পল্লবী আবাসিক এলাকায় দায়িত্ব পালনকালে সালাউদ্দিন একটি অটোরিকশাকে ভেতরে প্রবেশে বাধা দেন। এলাকাবাসীর সিদ্ধান্ত অনুযায়ী সেখানে রিকশা প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এ নিয়ে অটোরিকশাচালকের সঙ্গে তার তর্ক হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযুক্ত চালক সালাউদ্দিনকে এলোপাতাড়ি ঘুষি-লাথি ও মারধর করেন সাগর। একপর্যায়ে নিরাপত্তাকর্মী সালাউদ্দিন গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরদিন বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত সালাউদ্দিনের স্ত্রী খালেদা বেগম বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তর ইউনিট।