শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাশ্রয়ী পণ্য ও সেবা সহজলভ্য করতে ই-কমার্স প্রতিষ্ঠান আপনবাজার আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (এইপিজেড) নতুন শপ চালু করেছে। প্রতিষ্ঠানটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল শনিবার এই শপের উদ্বোধন করেন এইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুর রহমান ভূঁইয়া। এটি আপনের ৫৫তম দোকান এবং দ্বিতীয় কমিউনিটি শপ।
অনুষ্ঠানে আপন ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এইপিজেডভুক্ত বিভিন্ন কারখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নতুন এ দোকানটি এইপিজেডের ৪৬টি কারখানার শ্রমিকদের জন্য উন্মুক্ত থাকবে। এর মাধ্যমে শ্রমিকরা সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য, আর্থিক সেবা এবং স্বাস্থ্য সুবিধা গ্রহণ করতে পারবেন। এর আগে কর্ণফুলী এইপিজেডে প্রথম কমিউনিটি শপ চালু করে আপন। তারই ধারাবাহিকতায় বেপজার সঙ্গে আপনের সহযোগিতায় আদমজী ইপিজেডে শ্রমিকদের জন্য নতুন এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
২০১৭ সালে সাইফ রশীদ প্রতিষ্ঠিত আপন বর্তমানে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে দুই লাখের বেশি শ্রমিককে সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের খুচরা দোকান ও ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করে। ফলে শ্রমিকরা মাসিক খরচে সাশ্রয় করতে পারছেন এবং উচ্চসুদের অনানুষ্ঠানিক ঋণের ওপর তাদের নির্ভরতা কমছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আপনের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক ইয়াসির আরাফাত বলেন, ‘৯ বছরে ৫৫তম দোকান উদ্বোধন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
আমরা শুরু করেছিলাম শ্রমিকদের কিছুটা সাশ্রয়ের সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়ে। এখন আমরা তাদের আর্থিক স্বাধীনতা, স্বাস্থ্য সুরক্ষা এবং সম্মানজনক জীবনের জন্য কাজ করছি। বেপজার সঙ্গে এই অংশীদারত্ব শ্রমিককল্যাণে একটি টেকসই কাঠামো গড়ে তুলতে সহায়তা করবে।’