বরগুনার তালতলীতে আনোয়ার সিমেন্ট শীট কোম্পানির ম্যানেজারের ওপর হামলা ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে মো. আবুল কালাম নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে।
এ ঘটনায় গতকাল শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ভুক্তভোগী আনোয়ার সিমেন্ট শীট কোম্পানির এরিয়া ম্যানেজার মো. মামুন হোসেন বাদী হয়ে তালতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত মো. আবুল কালাম উপজেলা বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া গ্রামের কাছেম আলী হাওলাদারের ছেলে এবং শহরের ভূমি অফিসের দক্ষিণ পাশে টিনের দোকানদার।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুর ২টার দিকে আনোয়ার সিমেন্ট শীট কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত মো. মামুন হোসেন তালতলী বাজারে মার্কেট ভিজিটে আসেন। এসময় উপজেলা ভূমি অফিসের দক্ষিণ পাশের টিন ব্যবসায়ী মো. কালাম তাকে দেখা মাত্রই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এতে ম্যানেজার মামুন হোসেন প্রতিবাদ করলে কালাম তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে মামুনের সঙ্গে থাকা জুনিয়র এক্সিকিউটিভ মো. সাব্বির হোসেন তাকে বাঁচাতে এগিয়ে আসলে অভিযুক্ত কালাম লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। এতে সাব্বিরের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। মারধরের একপর্যায়ে সাব্বিরের কাছে থাকা সিমেন্ট শীট বিক্রির নগদ ৮ লাখ ৮৭ হাজার ৫৫০ টাকা ভর্তি ব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। আহতদের ডাক-চিৎকারে বাজারের ব্যবসায়ীরা এসে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বির হোসেনকে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ভুক্তভোগী এরিয়া ম্যানেজার মো. মামুন হোসেন বলেন, কালাম আগে আমাদের কোম্পানির মাল বিভিন্ন সময় বাকিতে ক্রয় করতেন। কিন্তু তার লেনদেন খারাপ থাকায় কোম্পানি তাকে বাকি না দেওয়ায় তার সঙ্গে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। সেই আক্রোশ থেকেই তিনি আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন এবং কোম্পানির বড় অংকের টাকা ছিনতাই করেছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত মো. আবুল কালাম বলেন, ওনাদের সঙ্গে পূর্বের লেনদেন ছিলো। গতকাল আমার দোকানে আসছে এ সময় কথাকাটাকাটি হয়েছে। এছাড়া কিছু হয়নি কিন্তু এখন আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দিতেছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।