লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষে ফরাসি সেনা নিহত

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৯ এএম

দক্ষিণ লেবাননে প্রায় ৮ কিলোমিটার গভীর পর্যন্ত 'ইয়েলো লাইন' ধরে অবস্থান বজায় রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী, যা কার্যত তাদের প্রস্তাবিত বাফার জোনের সীমা হিসেবে বিবেচিত হচ্ছে। যুদ্ধবিরতির দ্বিতীয় দিনেও ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলের আবাসিক এলাকায় বোমা হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে এবং খিয়াম ও বিন্ত জবেইলসহ ৪৫টির বেশি গ্রাম-শহরে সামরিক ঘাঁটি গড়ে তুলছে।  

এদিকে গান্দুরিয়েহ এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী (ইউএনআইএফআইএল)-এর ফরাসি ইউনিটের সঙ্গে হিজবুল্লাহর সংঘর্ষে এক ফরাসি সেনা নিহত ও তিনজন আহত হয়েছে। অভিযোগ রয়েছে, লিতানি নদীর উত্তর দিক থেকে অস্ত্র সরানোর সময় ইউএনআইএফআইএল টহল দল বাধা পেলে এই সংঘর্ষ ঘটে।

ঘটনায় লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নওয়াফ সালাম নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আশ্বাস দিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরাসরি হিজবুল্লাহকে দায়ী করেছেন।

এদিকে হিজবুল্লাহ লিতানি নদীর দক্ষিণে আবারও সামরিক তৎপরতা জোরদারের চেষ্টা করছে বলে ইঙ্গিত মিলেছে। একই সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গের আশঙ্কায় দক্ষিণাঞ্চলে ফিরে যাওয়া বাসিন্দাদের অনেকেই আবার এলাকা ছেড়ে যাচ্ছেন।

রাজনৈতিকভাবে দেশটিতে উত্তেজনা বাড়ছে। প্রেসিডেন্ট আউন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করায় হিজবুল্লাহ তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে এবং এ ধরনের আলোচনার বিরোধিতা করেছে। পরিস্থিতি সামাল দিতে জাতীয় সংলাপের উদ্যোগ নেওয়ার কথাও শোনা যাচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত