টাঙ্গাইলের কালিহাতীতে বালুবাহী ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ থানার হাসমত হাসু (২০) ও একই জেলার আশরাফ (৩০)। তারা মোট ১৯ জন শ্রমিক ওই এলাকায় সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত ছিলেন।
যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, যমুনা থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক মহাসড়কের ৬ নম্বর ব্রিজের মাঝামাঝি (চর ভাবলা) পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে কর্মরত শ্রমিকের ওপরে উঠে যায়। এসময় ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।