ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ এপ্রিল) সে মারা যায়।
মৃত তিন মাস বয়সী শিশুর বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। গত ৯ এপ্রিল হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল জানায়, গত ১৭ মার্চ থেকে রবিবার (১৯ এপ্রিল) সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৬১১ শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫১৯ জন এবং এ পর্যন্ত ১৪ শিশুর মৃত্যু হয়েছে।
শিশু ওয়ার্ডের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মাওলা বলেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ, যার কারণে দ্রুত সংক্রমণ বাড়ছে।
শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সময়মতো টিকা গ্রহণই এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। সীমিত জনবল থাকা সত্ত্বেও চিকিৎসকেরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন বলেও উল্লেখ করেন তিনি।