প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব 

প্রতিমন্ত্রী, রাষ্ট্রদূত ও কূটনৈতিকদের অংশগ্রহণে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে “কসমোলজিস অব কনফ্লুয়েন্স” শীর্ষক দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (১৮ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলের নববর্ষ উদযাপনের বৈচিত্র্যময় ঐতিহ্যকে একত্রিত করে বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা, তাৎপর্যপূর্ণ আলোচনা এবং বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। তিনি তার বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে উপস্থাপনের পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউল্যাব-এর উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা, পিএইচডি। তিনি বলেন, শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ের মাধ্যমে এমন উদ্যোগ নতুন প্রজন্মকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করবে। এছাড়া আয়োজনটির পটভূমি ও লক্ষ্য তুলে ধরেন প্রফেসর ড. কায়সার হামিদুল হক, পিএইচডি। উদ্বোধনী পর্ব শেষে ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, পিএইচডি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

মূল আলোচনা অধিবেশনে নেপালের রাষ্ট্রদূত শ্রী ঘনশ্যাম ভান্ডারী এবং বিভিন্ন দেশের কূটনৈতিকরা অংশগ্রহণ করেন। তারা ইউল্যাবের এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন দেশের আন্তঃসাংস্কৃতিক সংযোগ আরও দৃঢ় হবে বলে মতামত ব্যক্ত করেন। একই অধিবেশনে খ্যাতিমান সঙ্গীতশিল্পী-গীতিকার ও লেখক মৌসুমী ভৌমিকও উপস্থিত ছিলেন। 

এছাড়াও ইউল্যাবের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে “সীমানা পেরিয়ে পঞ্জিকা ও উৎসব” শীর্ষক সমাপনী আলোচনার মাধ্যমে।

উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ, চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়, দ্য হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা এবং গবেষক ও লেখক পাভেল পার্থ। এ আয়োজনের মাধ্যমে বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিভিন্ন অঞ্চলের মানুষের পারস্পরিক সংযোগকে তুলে ধরা হয়।