কুমিল্লায় হাম রোগে শিশুর মৃত্যু 

কুমিল্লায় হাম রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকায় জনমনে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে নতুন করে এক শিশুর মৃত্যুর ঘটনা পরিস্থিতিকে আরও শঙ্কাজনক করে তুলেছে। মারা যাওয়া শিশু হোসাইন (১০ মাস) কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা। গত ১৪ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার (১৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা ডেপুটি সিভিল সার্জন রেজা সারোয়ার আকবর।

জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।

চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৭৫৭ জনকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে পরীক্ষাগারে ২৮ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ সময়ে হাম সন্দেহে পাঁচ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত ৪২১ জন রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩১০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা এখনো চিকিৎসাধীন রয়েছেন।