কুমিল্লায় হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশের শাসনগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তারা।
নিহত ব্যক্তিরা হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) এবং তার নাতনি ও জাহাঙ্গীর মিয়ার মেয়ে চাঁদনী (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জোসনা বেগম তার নাতনি চাঁদনীকে নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে শাসনগাছা এলাকায় রেললাইন পার হচ্ছিলেন তারা। এ সময় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চলে এলে তারা তার নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই দুজন মারা যান।
ঘটনার পর রেলওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিমের সহায়তায় পরিচয় শনাক্তের পর তাদের পরিবারকে খবর দেওয়া হয়।
নিহতদের স্বজন জোহরা বেগম জানান, রাত সাড়ে ৮টার দিকে পুলিশের মাধ্যমে ফোনে খবর পাই যে তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছে। রেলস্টেশনে এসে তাদের মরদেহ দেখতে পাই। তারা হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিল।
রেলওয়ে পুলিশের কুমিল্লা স্টেশন ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুনুর রশিদ জানান, রেললাইন পার হওয়ার সময় সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু