ইতিহাদ স্টেডিয়ামে রবিবার এক মহানাটকীয় লড়াইয়ে শীর্ষের আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে গানারদের সাথে পয়েন্ট ব্যবধান তিনে নামিয়ে আনলো পেপ গার্দিওলার দল। হাতে এক ম্যাচ বেশি থাকায় শিরোপার দৌড়ে এখন সিটির পালেও হাওয়া বইছে।
ম্যাচের শুরু থেকেই সিটি ছিল অপ্রতিরোধ্য। ১৬ মিনিটেই সিটিকে উল্লাসে ভাসান ফরাসি তরুণ রায়ান চেরকি। রদ্রিগোর ক্রসের পর ম্যাথিউস নুনেস থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক শটে আর্সেনালের জালে বল পাঠান তিনি।
তবে সিটির এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিট পরেই সিটির ইতালিয়ান গোলরক্ষক জানলুইজি দোনারুম্মা এক অমার্জনীয় ভুল করে বসেন। থ্রো-ইন থেকে আসা ব্যাক-পাস ক্লিয়ার করতে দেরি করায় কাই হাভার্টজ দৌড়ে এসে বাধা দেন এবং দোনারুম্মার ক্লিয়ারেন্স হাভার্টজের পায়ে লেগে গোলে ঢুকে যায়। ১৮ মিনিটে অদ্ভুতভাবে সমতায় ফেরে আর্সেনাল।
দ্বিতীয়ার্ধে দুদলই গোল পেতে মরিয়া হয়ে ওঠে। আর্সেনালের ওডেগার্ড এবং ইজি নিশ্চিত কিছু সুযোগ মিস করেন। কিন্তু ৬৫ মিনিটে ইতিহাদ গর্জে ওঠে আর্লিং হালান্ডের*ল গোলে। নিকো ও'রাইলির ক্রস রদ্রিগো স্লাইড করে হালান্ডের দিকে বাড়িয়ে দিলে বক্সের ভেতর শরীর ঘুরিয়ে নিপুণ শটে জয়সূচক গোলটি করেন এই নরওয়েজিয়ান গোলমেশিন।
ম্যাচের শেষ দিকে খেলা শারীরিক পর্যায়ে চলে যায়। হালান্ড ও আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েলের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কি হয়। গ্যাব্রিয়েল মেজাজ হারিয়ে হালান্ডকে ধাক্কা দিলে তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারি। শেষ মুহূর্তে হাভার্টজ একটি সহজ হেড মিস করলে হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয় মিকেল আর্তেতার দলকে।