ফিলিস্তিন, লেবানন ও ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের জোর দাবি জানান।
গত শনিবার বিকেলে প্যারিসের মেনিলমোঁতাঁ এলাকা থেকে শুরু হওয়া এ বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশা ও জাতিগোষ্ঠীর কয়েক হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের পর থেকে জনসমাগম দ্রুত বাড়তে থাকে এবং পুরো এলাকা স্লোগান ও ব্যানারে মুখর হয়ে ওঠে। অংশগ্রহণকারীদের মধ্যে ফরাসিসহ উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী আরব, আফ্রিকান, ইউরোপীয় নাগরিকরা ছিলেন। বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন, স্টপ দ্য ওয়ার, নো মোর আগ্রেশন’সহ বিভিন্ন সেøাগান দেন। অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়, যেখানে গাজায় চলমান হামলা বন্ধ, লেবাননে সামরিক অভিযান বন্ধ এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বা চলমান হামলার নিন্দা জানানো হয়।
বিক্ষোভকারীরা বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থনে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল। একই সঙ্গে লেবাননের দক্ষিণাঞ্চল এবং ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বৃদ্ধি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। সমাবেশে বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে গাজায় বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয়। ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে উল্লেখ করে তারা বলেন, বিশ্ব শক্তিগুলোর নীরবতা ও দ্বৈত নীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, যেন দ্রুত যুদ্ধবিরতি নিশ্চিত করা হয় এবং সব পক্ষকে সংলাপের টেবিলে আনা হয়।