চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু

চট্টগ্রাম থেকে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট গতকাল রবিবার শুরু হয়েছে। ৩৭১ হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৫ ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে জেদ্দার উদ্দেশে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। এ ছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন শাখার কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টেশন ব্যবস্থাপকসহ অন্যন্যা কর্মকর্তা, হাব এবং আটাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হজের সুষ্ঠু ব্যবস্থাপনায় বিভিন্ন উদ্যোগের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি অত্র বিমানবন্দরের টার্মিনালের প্রয়োজনীয় সম্প্রসারণের বিষয়ে সরকারের ইতিবাচক আগ্রহের কথা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, এ বছর হজ মৌসুমে হাজিদের হজযাত্রা সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিমানবন্দরের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের হজ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। কমিটি সম্মানিত হাজিদের অত্র বিমানবন্দরে প্রবেশের শুরু থেকে বিমানে আরোহন পর্যন্ত সব ধাপে সরাসরি তদারকি করবে এবং এ ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হাজিদের জন্য সার্বিক সেবা প্রদান করবে। তিনি বলেন, চট্টগ্রাম বিমানবন্দরে ঢাকার ন্যায় কোনো হজ ক্যাম্প না থাকায় বিমানবন্দরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে একটি বৃষ্টির পানিরোধক অস্থায়ী ক্যাম্প করে দেওয়া হয়েছে। সেখানে হাজিদের জন্য বসার সুব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে। অসুস্থ হাজিদের চিকিৎসার জন্য সার্বক্ষণিকভাবে থাকবেন বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা।

পরে প্রধান অতিথি বিমানে আরোহন করা হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সবাই যেন পবিত্র হজ সুন্দরভাবে সম্পন্ন করে সুস্থতার সঙ্গে দেশে প্রত্যাবর্তন করেন, এ আশাবাদ ব্যক্ত করেন।