দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর স্বামী-স্ত্রীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রবিবার (১৯ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে নিজ ঘরের মেঝে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ওই এলাকার তপন রায় (৫০) তার স্ত্রী লতা রানী (৪২)।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী এর তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, রবিবার রাত ১২টার দিকে তপন রায়ের বাড়িতে আগুন দেখতে পায় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পরে তাদের ঘর তল্লাশি করলে ঘরের মেঝে থেকে তপন রায় ও লতা রানীর মরদেহ উদ্ধার করে।
তবে আগুনের সূত্রপাত কিভাবে তা এলাকাবাসী কিংবা ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনের সূত্রপাত কিভাবে ও স্বামী স্ত্রী কিভাবে মারা গেলেন এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।