গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদকের টাকা না পেয়ে মাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে জাকিরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) তাকে কারাগারে পাঠানো হয়।
জাকিরুল ইসলাম উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মধ্যপাড়া গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, জাকিরুল ইসলামের বাবার মৃত্যুর পর অস্বচ্ছল পরিবারে তার মা অনেক কষ্ট করে তাকে বড় করছে। কয়েক বছর আগে জাকিরুল ইসলাম মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। এরপর নেশার টাকা জোগাড় করতে সে প্রায়ই তার বৃদ্ধা মা জোবেদা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। এ নিয়ে স্থানীয়রা কথা বললে, তাদের অপমান ও হেনস্থা করত জাকিরুল।
সূত্রটি আরও জানায়, গতকাল রবিবার বিকেলে জাকিরুল নেশার টাকার জন্য তার মায়ের কাছে টাকা চায়। পরে তাকে টাকা দিতে মা অপারগতা প্রকাশ করেন। এতে সে মায়ের ওপর চড়াও হয়ে মাকে মারধর করার জন্য যায়। এ সময় তার মা ঘরে প্রবেশ করলে সে ওই ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিশা ও চিৎকারে প্রতিবেমিরা টের পায়। পরে তারা বৃদ্ধা মা জোবেদা বেগমকে উদ্ধার করেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। পরে গ্রামবাসী অভিযুক্ত জাকিরুলকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জাকিরুলকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম। তিনি জানান, আটক জাকিরুলকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন।