জাপানে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানের ইওয়াতে প্রিফেকচারের উপকূলীয় সাগরে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই দেশটির উত্তর-পূর্ব উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি সমুদ্রপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এবং সানরিকু উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে সংঘটিত হয়। জাপানি সিসমিক স্কেলে এর তীব্রতা ছিল ৫ প্লাস, যা উল্লেখযোগ্য মাত্রার কম্পন নির্দেশ করে।

সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ইতোমধ্যে ইওয়াতে প্রিফেকচারের মিয়াকো বন্দরে প্রায় ৪০ সেন্টিমিটার উচ্চতার প্রথম সুনামি ঢেউ আঘাত হেনেছে। এছাড়া আওমোরি উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরেও সুনামি ঢেউ শনাক্ত করা হয়েছে।

আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, হোক্কাইডো ও ইওয়াতে অঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামির ঢেউ সর্বোচ্চ ৩ মিটার পর্যন্ত হতে পারে।

পরিস্থিতির প্রেক্ষিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে জরুরি সতর্কতা অব্যাহত রয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে।