টাইফুন ডলফিন জাপানের ওকিনাওয়া প্রিফেকচারে তাণ্ডব চালানোর পর এখন প্রবল গতিতে চীন ও তাইওয়ানের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। জাপানের দক্ষিণাঞ্চলে আঘাত হানার সময় ঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৬২ কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে ২১৬ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।
টাইফুন ডলফিনের এর প্রভাবে জাপানে অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং প্রায় ১৪ হাজার বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, শনিবার (৮ আগস্ট) টাইফুনটি ওকিনাওয়ার কুমে দ্বীপের প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছিল এবং ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল।
ঝড়ের কবলে পড়ে ওকিনাওয়ায় তিনজন বাতাসের তোড়ে পড়ে গিয়ে আহত হওয়াসহ মোট পাঁচ প্রবীণ ব্যক্তি আহত হয়েছেন। ওকিনাওয়া ও কাগোশিমা প্রিফেকচারের আমামি দ্বীপপুঞ্জকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। ঝড়ের প্রভাবে বড় দুই বিমান সংস্থা (এএনএ ও জাপান এয়ারলাইনস) ওই অঞ্চলের অধিকাংশ ফ্লাইট বাতিল করেছে।
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র সতর্ক করে জানিয়েছে, ডলফিন রবিবার রাত থেকে সোমবার ভোরের মধ্যে ঝেজিয়াংয়ের ঝোউশান থেকে ফুজিয়ানের ফুডিং শহরের মধ্যবর্তী পূর্ব ও দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে ১২ আগস্ট পর্যন্ত সাংহাই ও আশপাশের অঞ্চলে প্রবল বাতাসসহ ৬০০ মিলিমিটারের বেশি ভারী বৃষ্টিপাত হতে পারে।
