সারা দেশে হাম-রুবেলা টিকাদান শুরু, চলবে ১০ মে পর্যন্ত 

হাম প্রতিরোধে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ২০ দিনব্যাপী বিশেষ এই কর্মসূচির মাধ্যমে ছয় মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। সোমবার (২০ এপ্রিল) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টিকাদান কেন্দ্রে দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। সারা দেশে থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যে।

মাদারীপুর

সকালে মাদারীপুর সদর হাসপাতালে জেলা পর্যায়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার। তিনি জানান, এ ক্যাম্পেইনের আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ এমআর টিকা দেওয়া হবে। জেলার প্রতিটি এলাকায় নির্ধারিত কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্টরা জানান, হাম ও রুবেলা প্রতিরোধে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলের সহযোগিতায় এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের সিভিল সার্জনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কুড়িগ্রাম

কুড়িগ্রামে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আওতায় জেলায় ১ হাজার ৮১৫ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সকালে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির আওতায় জেলার ৯ উপজেলা ও তিন পৌরসভায় ৬ মাস থেকে ৫ বছরের নিচে মোট ২ লাখ ৭১ হাজার ৬৯৯ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। এ ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে ৩ হাজার ৬২০ স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। ডাক্তার রাফি আবিরের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডাক্তার স্বপন কুমার বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা। 

ছবি: প্রতিনিধি

ঝিনাইদহ

ঝিনাইদহ জেলার ছয় উপজেলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন। সকাল ১০টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সম্মেলন কক্ষে টিকাদান উদ্বোধনকালে তিনি বলেন, হাম আক্রান্তের পরিসংখ্যান অনুযায়ী ঝিনাইদহ ‘গ্রীন জোনে’ রয়েছে। এখন পর্যন্ত জেলায় কোনো শিশু মৃত্যুর ঘটনা ঘটেনি। জেলার ছয় উপজেলার প্রায় এক লাখ ৮৮ হাজার ৫৫৩ শিশু হাম রুবেলার টিকাদানের আওতায় আসবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, জেলা সিভিল সার্জন ডাক্তার মো. কামরুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিচালক ডাক্তার মিথিলা ইসলাম, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আনোয়ারুল ইসলাম, ডাক্তার আলী হাসান ফরিদ জামিল, ডাক্তার কায়সার হামিদ।

গোপালগঞ্জ

গোপালগঞ্জে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ২০ হাজার ৯শ’ ২১ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া শুরু হয়েছে। গোপালগঞ্জ পৌরসভার হল রুমে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক। এতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.আরিফ-উজ-জামান,পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেষ বিশ্বাস প্রমুখ।

পটিয়া

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সকালে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এই ক্যাম্পেইনের আওতায় প্রায় ৪৫ হাজার শিশুকে টিকা দেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে ও উপজেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাক্তার শুভ্র দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, উপজেলা তথ্য কর্মকর্তা রহমত উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আকতার হিমুসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

ছবি: প্রতিনিধি

এছাড়া হিলি, পঞ্চগড়, সিংড়া,  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরেও এ কর্মসূচি চলছে।   

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, সারা দেশে ১ কোটি ৭০ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি-ইপিআইয়ের আওতায় এসব টিকা দেওয়া হয়। কর্মসূচির প্রথমদিনই প্রায় ১১ লাখ শিশু হামের টিকা পাবে। প্রথম ধাপে দুই লাখ ৮২ হাজার ৫১০ কেন্দ্রে দেশের ওয়ার্ড পর্যায়ে হামের টিকাদান কার্যক্রম চলবে। এরমধ্যে অস্থায়ী কেন্দ্র রয়েছে ১ লাখ ৩০ হাজার।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এপর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৭ জন।