যুক্তরাষ্ট্র-ইসরাইল-ইরান যুদ্ধের জেরে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। তেল ও বিদ্যুতের ঘাটতিতে বিপর্যস্ত হয়ে পড়েছে সিরাজগঞ্জের তাঁত শিল্পসমৃদ্ধ বেলকুচি উপজেলা।
ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তাঁতের উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় শ্রমিকরা বেকার বসে থাকছেন। মালিকপক্ষ বলছেন, সময়মতো অর্ডার ডেলিভারি দিতে না পারায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এদিকে উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, বেলকুচিতে প্রায় ৮ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়, যা সম্পূর্ণ সেচ নির্ভর। বিদ্যুৎ ও ডিজেলের অভাবে কৃষকরা জমিতে পর্যাপ্ত সেচ দিতে পারছেন না। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা।
আবার আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে পরীক্ষার্থীদের প্রস্তুতি ব্যাহত হচ্ছে। অভিভাবকদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। এছাড়া গরমে বয়স্ক ও শিশুদের অসুস্থ হওয়ার ঝুঁকিও বাড়ছে।
জানা যায়, বেলকুচিতে দৈনিক বিদ্যুতের চাহিদা ৩০-৩২ মেগাওয়াট। কিন্তু সরবরাহ মিলছে মাত্র ১৬ মেগাওয়াট, যা চাহিদার অর্ধেক। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, শিগগিরই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।
এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান বলেন, চাহিদা বেড়ে যাওয়ায় লোডশেডিং হচ্ছে। তবে এসএসসি পরীক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে আমরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের সর্বোচ্চ চেষ্টা করব।
সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।