তেলভর্তি ট্রাক ডাকাতি মামলার ২ আসামি গ্রেপ্তার

মাদারীপুরের শিবচরে তেলভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত ট্রাক, তেল বিক্রির নগদ ১ লাখ ৯২ হাজার টাকা এবং ডাকাতির সময় ব্যবহৃত পুলিশের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার (২০ এপ্রিল) দুপুরে মাদারীপুরের শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালাহ উদ্দিন কাদের গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন। 

গ্রেপ্তাররা হলেন নারায়নগঞ্জের সোনারগাঁও থানার রামভদ্রেরবাগ এলাকার আজিজুল (৩১) ও গাইবান্ধার সাঘাটা থানার তুলসীঘাট এলাকার মোকলেস (৩৩)।

পুলিশ জানায়, ১২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ট্রাকচালক ইছরাফিল হোসেন মিয়া ও তার সহকারী আবু বক্কর ঢাকার একটি স্থান থেকে ৭৫ ব্যারেল পামওয়েল (প্রায় ১৩ হাজার ৯৫০ লিটার), যার আনুমানিক মূল্য ২৫ লাখ ১১ হাজার টাকা, ঝিনাইদহের উদ্দেশ্যে নিয়ে রওনা দেন। পথে রাত সোয়া ১২টার দিকে শরীয়তপুরের নাওডোবা এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতনামা পিকআপ ট্রাকটির গতিরোধ করে। এরপর একদল ডাকাত ট্রাকচালক ও তার সহকারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে  তাদের হাত-পা ও চোখ বেঁধে মাদারীপুরের শিবচর উপজেলার বাখরেরকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে ফেলে রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শিবচর থানায় একটি মামলা হয়।

এরপর মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে পুলিশ অভিযান নামে। প্রায় চারদিন ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁ, নরসিংদী ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে ডাকাত দলের দুই সদস্য আজিজুল ও মোকলেসকে গ্রেপ্তার করা হয়।

ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।