শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ও সাশ্রয়ী ব্যাগেজ র্যাপিং সেবা চালু হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।সোমবার (২০ এপ্রিল) বিমানবন্দরের টার্মিনাল ভবনের সম্মেলন কক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক আয়োজিত অবহিতকরণ সভায় বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর এই তথ্য জানান।
তিনি বলেন, এখন থেকে বিদেশ ফেরত কোনো অসুস্থ প্রবাসী বা মৃত প্রবাসীর মরদেহ পরিবারের কাছে পৌঁছে দিতে বিমানবন্দর এলাকায় সার্বক্ষণিক ‘ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস’ চালু থাকবে। একই সঙ্গে প্রবাসী কার্ডধারী যাত্রীদের মালামালের সুরক্ষা নিশ্চিত করতে মাত্র ১০০ টাকায় ‘ব্যাগেজ র্যাপিং’ সুবিধা চালু করা হয়েছে।
সভায় গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, শাহ আমানত বিমানবন্দর দিয়ে যাতায়াতকারী যাত্রীর ৭৩ শতাংশই প্রবাসী শ্রমিক। তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষ বর্তমানে বেশ কিছু আধুনিক সুবিধা নিশ্চিত করেছে। এর মধ্যে রয়েছে: নিরবিচ্ছিন্ন আনলিমিটেড ফ্রি ওয়াই-ফাই (বিশেষ করে মোবাইল সিমলেজ ওয়াইফাই সেবা), মোবাইল রিচার্জিং স্টেশন সম্প্রসারণ ও ফ্রি টেলিফোন বুথ, মনোরম নামাজ ঘর, বাচ্চাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্ণার ইত্যাদি।
এছাড়া স্থাপন করা হয়েছে ৭৫০টি নতুন আধুনিক লাউঞ্জ-চেয়ারসহ নতুন যাত্রী লাউঞ্জ এবং যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের স্মোকিং জোন। নির্মাণাধীন নতুন বোর্ডিং ব্রিজ, যা খুব শিগগিরই উদ্বোধন করা হবে। বয়স্ক ও অসুস্থদের জন্য এপ্রোন এলাকায় র্যাম্প কার সেবা এবং সার্বক্ষণিক হেল্প ডেস্ক সার্ভিস। যাত্রী হয়রানি বন্ধ এবং খাবারের মান নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও সরকারের যুগ্ম সচিব এটিএম মাহাবুব উল করিমের সভাপতিত্বে ও বোর্ডের সহকারী পরিচালক (প্রবাসী কল্যাণ ডেস্ক) মোহাম্মদ আতিকুল আলম সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সুপার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার, বিভিন্ন শাখার কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা।