চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)'র মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি মাদরাসার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন এবং হেফাজত আমিরের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, দেশ ও জাতির কল্যাণসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আমি হেফাজত আমিরের দোয়া নিতে এসেছি। দেশের সার্বিক শান্তি ও উন্নতির জন্যও তার কাছে দোয়া কামনা করেছি।
তিনি আরও জানান, এটি জাতীয় নাগরিক পার্টির একটি সাংগঠনিক সফরের অংশ। দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করা এবং নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে এ ধরনের সফর অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক ও অঞ্চল তত্ত্বাবধায়ক (চট্টগ্রাম) জোবাইরুল হাসান আরিফ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি, স্থানীয় নেতাকর্মী, আলেম-ওলামা ও মাদরাসার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।