টানা দ্বিতীয়বার মর্যাদাপূর্ণ লরিয়াস অ্যাওয়ার্ড জিতলেন ইয়ামাল

বার্সেলোনার বিস্ময় বালক লামিন ইয়ামালের জয়রথ থামছেই না। ২০২৬ সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে মর্যাদাপূর্ণ 'ওয়ার্ল্ড ইয়াং স্পোর্টসপারসন অফ দ্য ইয়ার' পুরস্কার জিতে নিয়েছেন ১৮ বছর বয়সী এই স্প্যানিশ তারকা। আজ সোমবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

গত এক বছর ধরে ক্লাব এবং জাতীয় দলের হয়ে অবিশ্বাস্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেলেন ইয়ামাল। উল্লেখ্য, গত বছরও (২০২৫ সালের এপ্রিলে) তিনি একই আসরে 'লরিয়াস ওয়ার্ল্ড ব্রেকথ্রু অফ দ্য ইয়ার' পুরস্কার জিতেছিলেন। টানা দুই বছর লরিয়াসের মঞ্চে সম্মানিত হওয়া কোনো তরুণ ফুটবলারের জন্য এক বিরল কৃতিত্ব।

গত বছরটি ইয়ামালের জন্য ছিল স্বপ্নের মতো। বার্সেলোনাকে লা লিগা, কোপা ডেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জেতাতে প্রধান ভূমিকা রেখেছিলেন তিনি। মাঠের নৈপুণ্যের পাশাপাশি পরিসংখ্যানও ছিল তার পক্ষেই—পুরো মৌসুমে ১৮টি গোলের পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। যার ফলে তিনি ২০২৫ সালের ব্যালন ডি’অর র‍্যাঙ্কিংয়ে উসমান দেম্বেলের ঠিক পরেই দ্বিতীয় (রানার-আপ) স্থানে ছিলেন।

আরো যারা লরিয়াস অ্যাওয়ার্ড জিতেছেন-

  • বর্ষসেরা ক্রীড়াবিদ (পুরুষ): কার্লোস আলকারাজ (টেনিস)

  • বর্ষসেরা ক্রীড়াবিদ (নারী): আরিনা সাবালেঙ্কা (টেনিস)

  • বর্ষসেরা দল: প্যারিস সেন্ট জার্মেই - পিএসজি (ফুটবল)

  • কামব্যাক অফ দ্য ইয়ার: ররি ম্যাকইলরয় (গলফ)

  • ওয়ার্ল্ড ব্রেক থ্রু অফ দ্য ইয়ার: ল্যান্ডো নরিস (ফর্মুলা ওয়ান)

  • স্পোর্টিং ইন্সপিরেশন অ্যাওয়ার্ড: টনি ক্রুস (ফুটবল)

  • লাইফটাইম অ্যাচিভমেন্ট (আজীবন সম্মাননা): নাদিয়া কোমানিচি (জিমন্যাস্টিক্স)

  • ওয়ার্ল্ড অ্যাকশন স্পোর্টসপারসন: ক্লো কিম (স্নোবোর্ডার)

  • সেরা বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদ: গ্যাব্রিয়েল আরাউজো (ব্রাজিলিয়ান সাঁতারু)