আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি কর্মসংস্থান

নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে বিদেশে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সরকারের ১৮০ দিনের একটা রোডম্যাপ (ছয় মাসের পরিকল্পনা) এবং পর্যায়ক্রমে পাঁচ বছরে বাস্তবায়নের টার্গেট রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক গতকাল সোমবার জাতীয় সংসদের অধিবেশনে একথা জানান।

বিরোধীদলীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমানের এক সম্পূরক প্রশ্নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অনুপস্থিতিতে জবাব দেন প্রতিমন্ত্রী। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দুঃখজনক যে, এই সরকার দায়িত্ব নেওয়ার পরেই ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের একটা যুদ্ধের মধ্যে পড়েছি। ফলে দেশের শ্রমবাজারের একটি বড় জায়গা মধ্যপ্রাচ্য, সেই জায়গাটি সংকুচিত হচ্ছে। একই দিকে বড় দ্বিতীয় শ্রমখাত হিসেবে মালয়েশিয়া খুবই গুরুত্বপূর্ণ। সেই বাজারটি দীর্ঘদিন বন্ধ ছিল। কিছুদিন আগেই আমাদের মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সফর করে মালয়েশিয়া সরকারের সঙ্গে একটা ফলপ্রসূ আলাপ-আলোচনা করেছেন, আশা করি, এই বাজারটি শিগগিরই খুলবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘থাইল্যান্ডেও আমাদের একটা ভালো সম্ভাবনা, কম্বোডিয়াতেও আমরা কাজ করছি। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছি, আশা করি তার সুফল অন্তত ছয় মাসের মধ্যে দৃশ্যমান হবে।’

বিদেশে ১ কোটি ৩০ লাখের বেশি কর্মী আছেন : মৌলভীবাজার-১ আসনের নাছির উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নুরুল হক সংসদকে জানান, বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে ১ কোটি ৩০ লাখের বেশি কর্মী রয়েছে।

কিশোরগঞ্জ-১ আসনের শেখ মুজিবুর রহমান ইকবালের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০০৪ সাল থেকে এ পর্যন্ত বিদেশে পাঠানো কর্মীর সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ৭৪৫ জন। ২০২৩-২৪ অর্থবছরে ২৩ দশমিক ৯২ বিলিয়ন, ২০২৪-২৫ অর্থবছরে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ও চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত ২৯ দশমিক ২২ বিলিয়ন রেমিট্যান্স এসেছে।

নোয়াখালী-৩ আসনের আবদুল হান্নান মাসউদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে নারী কর্মী ৬২ হাজার ৩৫২ জন।

১৮টি দেশের সঙ্গে কর্মী পাঠানোর বিষয়ে চুক্তি হয়েছে: কুড়িগ্রাম-২ আসনের এনসিপির সদস্য আতিকুর রহমান মোজাহিদের তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে নুরুল হক বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে ১৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক/চুক্তি স্বাক্ষরিত হয়েছে।