শুধু প্রশস্ত ফুটপাতে বসবে হকার

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৭:২৮ এএম

‘প্রশস্ত ফুটপাতে’ হকার বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, ‘মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। কেবল যেসব রাস্তায় প্রশস্ত ফুটপাত রয়েছে সেসব নাগরিকের চলাচলের জন্য উন্মুক্ত জায়গা সংরক্ষিত রেখে নির্দিষ্টসংখ্যক নিবন্ধিত হকার বসানো হবে। অবশিষ্ট হকারদের জন্য হলিডে মার্কেট, নাইট মার্কেট চালু করা হবে।’

প্রান্তিক জনগোষ্ঠীর সুশৃঙ্খল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নগর ভবন অডিটোরিয়ামে হকার ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, হকারদের জীবিকা বন্ধ করতে চাই না। আবার সারা দেশের ভাসমান মানুষকে হকার রূপে ঢাকায় পুনর্বাসন করা সম্ভব নয়। তাই ঢাকা শহর ও এর নাগরিকদের নাগরিক সুবিধা বহাল রাখতে হলে সুশৃঙ্খল হকার ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই।

ডিএসসিসি প্রশাসক বলেন, সরকার কর্তৃক জারিকৃত নীতিমালা অনুযায়ী নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে হকারদের নিবন্ধন, নিয়মিত নবায়ন এবং নির্ধারিত সড়ক ও সময়ে ব্যবসা করার শৃঙ্খলা মানলেই টেকসই সমাধান সম্ভব।

হকার ব্যবস্থাপনা নীতিমালা অনুমোদন : এদিকে, রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, পথচারীবান্ধব ও যানজটমুক্ত করতে স্থানীয় সরকার বিভাগ ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ১২০(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ডিএসসিসি ও ডিএনসিসি এলাকায় এই নীতিমালা এবং এর আওতায় নির্দিষ্ট ফি নির্ধারণ করে পরিপত্র জারি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত