প্রথমবার একসঙ্গে শ্যামল-তুষি

সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন নাজিফা তুষি ও শ্যামল মাওলা। নতুন সিনেমা ‘সুরাইয়া’-তে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। ইতিমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সিনেমাটির নির্মাণ করছেন রবিউল আলম রবি। 

তিনি বলেন, ‘সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এই বিষয় আপাতত আর কোনো কথা বলতে চাই না। আমাদের প্রযোজক সিনেমাটির তথ্য শেয়ার করবে।’ 

শিবব্রত বর্মনের গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করছেন রবিউল আলম রবি। ‘সুরাইয়া’ এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া ফেলেছে। যুক্তরাষ্ট্রের সিয়াটলের তাসভীর চলচ্চিত্র উৎসবের ফিল্ম বাজারে নির্বাচিত হয়েছে সিনেমা প্রকল্পটি। এর আগে দক্ষিণ কোরিয়ার বুসান ফিল্ম বাজারেও জায়গা করে নেয় এটি। 

এছাড়া ফ্রান্সের পিএএস থেকে চিত্রনাট্য উন্নয়নে পরামর্শক ও ওয়ার্কশপ সহায়তা পেয়েছে ‘সুরাইয়া’। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ সরকার থেকে ৭৫ লাখ টাকা অনুদান পেয়েছিল ‘সুরাইয়া’। সিনেমাটির প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন ফজলে হাসান।