ঝালকাঠির ২ আসনে ৪ এমপি

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০১:৩১ পিএম

ঝালকাঠি জেলা আয়তনে ছোট জাতীয় সংসদে মাত্র দুটি সংসদীয় আসন। তবে এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। সংসদীয় আসন মাত্র দুটি হলেও বর্তমানে জাতীয় সংসদে এই জেলার প্রতিনিধিত্ব করছেন ৪ জন সংসদ সদস্য। এমন ব্যতিক্রমী এবং বিরল চিত্র আগে কখনোই দেখা যায়নি। ফলে এই ছোট জেলাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সরাসরি জনগণের ভোটে নির্বাচিত দুই প্রতিনিধির পাশাপাশি সংরক্ষিত নারী আসন থেকেও ঝালকাঠির জন্য আরও দুজন প্রতিনিধি মনোনীত হয়েছেন। সরাসরি নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে রয়েছেন ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির রফিকুল ইসলাম জামাল। তার রাজনৈতিক ভিত্তি জেলার রাজাপুর উপজেলায়। অন্যদিকে ঝালকাঠি-২ আসনে বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, যার পারিবারিক ও রাজনৈতিক নিবাস নলছিটি উপজেলায়।

সরাসরি নির্বাচিত এই দুই প্রতিনিধির পাশাপাশি সংরক্ষিত নারী আসন থেকে ঝালকাঠির প্রতিনিধিত্ব করছেন আরও দুজন প্রভাবশালী নারী নেত্রী। তা‌দের একজন বিএনপির জেবা আমীন আল গাজী। অপরজন এনসিপির ডা. মাহমুদা মিতু, যিনি কাঁঠালিয়া উপজেলার বাসিন্দা। ফলে সংসদের মাধ্যমে ঝালকাঠির এই প্রতিনিধিত্ব এখন পুরো জেলায় ছড়িয়ে পড়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঝালকাঠির মতো ছোট একটি জেলা থেকে চারজন এমপি থাকা যেমন বিরল, তেমনি এটি জেলার সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। কারণ, রাজাপুর, নলছিটি, ঝালকাঠি সদর ও কাঁঠালিয়া এই চারটি উপজেলারই নিজস্ব প্রতিনিধি এখন জাতীয় সংসদে কথা বলার সুযোগ পাচ্ছেন।

স্থানীয় সাধারণ মানুষের প্রত্যাশা, এই চারজন সংসদ সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় ঝালকাঠির শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়ন কয়েক গুণ ত্বরান্বিত হবে। রাজনৈতিক দলগুলোর এই ভারসাম্যমূলক প্রতিনিধিত্ব জেলার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত