বলিউড অভিনেতা রিতেশ দেশমুখের বহুল প্রতীক্ষিত ছবি ‘রাজা শিবাজী’র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে হঠাৎ আবেগ হারিয়ে ফেলেন। মারাঠা বীর ছত্রপতি শিবাজী মহারাজের ভূমিকায় অভিনয় করা প্রসঙ্গে বলতে গিয়ে ভরা মজলিশে একপর্যায়ে কেঁদেই ফেললেন রিতেশ। পাশে দাঁড়িয়ে স্ত্রী জেনেলিয়াও তখন চোখের জল মুছছেন। কিন্তু কেন এমন পরিস্থিতি?
‘রাজা শিবাজী’ ছবিতে ছত্রপতি শিবাজীর চরিত্রে অভিনয় করছেন রিতেশ নিজেই। ছবির ঝলকপ্রকাশ অনুষ্ঠানে এসে ছত্রপতি শিবাজী সম্পর্কে নিজের অনুভূতি উজাড় করে দেন অভিনেতা। স্কুলে পড়াকালীন তার বন্ধু শিবাজীর চরিত্রে অভিনয় করেছিলেন একটি নাটকে। তখন থেকেই তিনি শিবাজীর ভক্ত, জানান রিতেশ দেশমুখ।
তার কথায়, ‘আমাদের কাছে মহারাজ কী, তা আলাদা করে আমার বলার দরকার নেই। আমরা ছত্রপতি শিবাজী মহারাজের মাটিতে শ্বাস নিই। শৈশবে আমরা মাটির দুর্গ বানিয়ে তার মাথায় গেরুয়া পতাকা পুঁতে দিতাম।’
শৈশবে নিজেকে ছত্রপতি শিবাজীর চরিত্রে অভিনয় করার জায়গায় ভাবেননি। বরাবর খেলার ছলেও তার ভক্তের ভূমিকাই পালন করতেন বলে জানান রিতেশ। তাই শিবাজীর চরিত্রে অভিনয় করা বড় দায়িত্ব বলে মনে করেন অভিনেতা। তাঁর কথায়, “মহারাজকে নিয়ে তৈরি যে কোনো শিল্পের মধ্যেই অগাধ শ্রদ্ধা থাকে।’
এই কথাগুলি বলতে বলতেই গলা ধরে আসে রিতেশের। দুই চোখ বেয়ে চলে আসে অশ্রুও।